ছড়া-কবিতা
রঙের মেলায় গানের ভেলায়
কাজী মুরশিদুল আরেফিন
হলুদ পাখির রঙটা মেখে
বসন্ত যেই আসে,
সবুজ জামা পরে টিয়া
এসেই বসে পাশে।
ময়না দোয়েল শালিক এলো
আজকে আসুক কাকও,
গানের আসর জমিয়ে দেবে
পায়রাদেরও ডাকও।
টুনটুনিটা সারাদিনই
মাতিয়ে রাখে নাচে,
নানান রঙে ফুলের বাগান
সেজেই বসে আছে।
ছোট্ট চড়ুই বাদ যাবে না
গাইছে সা রে গা মা,
দশটা প্যাঁচার কচকচানি
ঝগড়া তোরা থামা।
চুপটি করে থাক না চাতক
ভিজবি কেন জলে?
গাইছে কোকিল কুহু কুহু
গানের ভেলা চলে।
তালটা ঠোকে কাঠঠোকরা
কোকিল গানের গুরু,
রঙের সাথে রঙ মিশেছে
গানের আসর শুরু।
আসে বসন্ত
উপাসনা পুরকায়স্থ
কোথা গেল শীত-কাঁথা হিমের পরশ
কুয়াসায় মোড়া আবছা সকাল-ভোর,
চেয়ে দেখো তার কিচ্ছুটি নেই আর–
আসে বসন্ত খুলে দিয়ে তার দোর।
সজনে ফুলেরা আলপনা আঁকে-খুশি
কোকিল ডাকছে কোথায় কে জানে-দূরে,
পলাশ শিমূল কৃষ্ণচূড়ারা সাজে–
শীত শেষ হলে, বসন্ত আসে ঘুরে।
দখিনা বাতাস উড়ায় পথের ধূলো
পিচকিরি রঙ-আবিরে রাঙ্গানো মাটি,
ঝরাপাতা পায়ে দলে দলে পথ চলা–
ঠাম্মি এখন খুঁজছে শেতল পাটি।
গন্ধে গন্ধে চারদিক গেছে ভরে
আমের মুকুল গাছে গাছে দোল খায়,
মধূ লোভে আসে ভ্রমরেরা দলেবলে–
শুনি, গুনগুন একটানা গান গায়।
বাউল গাইছে মেঠোগান সুরে সুরে
মাঠেঘাটে হাঁটে-হাতে নিয়ে একতারা,
নতুন পাতায় সাজে গাছপালা লতা–
উৎসব তাই, দিকে দিকে জাগে সাড়া।
আজ বসন্ত
দীপ রায়
আজ বসন্ত
এলো দোরে,
শীতের শেষে
স্নিগ্ধ ভোরে।
দখিন বাতাস
বইছে ফাগে,
গাইছে পাখি
আপন রাগে।
গাছের পরে
ওই যে দূরে
কোকিল ডাকে
কুহু সুরে।
কৃষ্ণচূড়া
সাজছে লালে,
কচিপাতা
ডালে ডালে।
সাজছে
শিমূল-পলাশ বনে,
বসন্তের'ই
আগমনে।
আবির ওড়া গন্ধ
তুহিন কুমার চন্দ
বলছি খুড়ো পাচ্ছো নাকি
আম্রফুলের গন্ধ,
দোলন চাঁপায় দোল দিয়ে যায়
হারিয়ে যাওয়া ছন্দ।
হলুদ চাঁপার শুকনো ডালে
পাখির ডাকাডাকি,
বড্ড গরম পলাশবনে
দেখতে যাবে নাকি!
আবির রঙের আকাশ নীলে
মেঘের আনাগোনা,
রঙ মেখেছে পলাশ ফুলে
খুশির হাসনুহানা।
আবির হাওয়ায় মাটির দাওয়ায়
ডালিম রঙের শাড়ি,
টইটম্বুর উপচে পড়ে
খেজুর রসের হাঁড়ি ।
বলছি খুড়ো পাচ্ছো নাকি
আবির ওড়া গন্ধ,
খুঁজতে যাবে আমার সাথে
কুড়িয়ে আনা ছন্দ !!
ফুলের বনের দোল
দীপঙ্কর গোস্বামী
খেলতে গেলাম ফুলের বনে,
গোলাপ দিল ছুঁয়ে,
অমনি দু-গাল টুকটুকে লাল
রং গেল না ধুয়ে!
ভাবছি যখন করব কী যে–
অপরাজিতা ছুঁলো,
আমার গোটা শরীর তখন
নীলও মেখে নিলো!
হলুদ গাঁদাও বাদ গেল না,
বাদ গেল না বেলি,
এগিয়ে এসে বলল দুজন–
আয় না রে রং খেলি!
এমনসময় মাখিয়ে আবির
রাঙিয়ে আমার ভোল,
বন্ধুরা সব খেলল এসে–
ফুলের বনেই দোল!
বিড়ালের ঝগড়া
সুজন দাশ
ডাকছে কুকুর ঘেউ ঘেউ ঘেউ
বলল বিড়াল তারে,
চিৎকারে তোর কান পাতা দায়
চোখেরও ঘুম কাড়ে!
কারণ ছাড়াও ডাকতে থাকিস
মাথায় তুলিস বাড়ি,
ভাবখানা তোর দেখলে আমার
মেজাজটা হয় ভারি!
কোনটা যে চোর কোনটা আসল
না বুঝে তুই লাফাস,
নেই ঘটে তোর বুদ্ধি মোটেই
মিছেই বাড়ি কাঁপাস।
বলল কুকুর, মিনমিনে তুই
ডাকিস মিউ মিউ,
দায়িত্ব তুই বুঝবি কি ভাই?
বাড়াস শুধু ভিউ।
কৃতজ্ঞতার লেশ মোটে নেই
থাকিস তো তুই ঘুমে,
ভাবিস না তুই কোথায় যে কী
লেপকাঁথার ওই ওমে!
পাঠকদের মন্তব্য
250